|
| বিস্তারিত |
নওগাঁ রাজশাহী ও চাঁপাই নবাবগঞ্জে একাংশের বিদ্যুৎ সুবিধা বৃদ্ধি পেল
জেলার নিয়ামতপুর উপজেলা সদরে ১৩২/৩৩ কে ভি বিদ্যুৎ গ্রীড উপকেন্দ্র চালু হওয়ার ফলে নওগাঁ, চাঁপাই নবাবগঞ্জ এবং রাজশাহী জেলার একটি বিশাল এলাকার মানুষের বিদ্যুৎ সুবিধার বৃদ্ধি ঘটেছে।
বিশেষ করে বিদ্যুৎ সংরক্ষণ অত্যন্ত কাছে হওয়ার কারণে ট্রান্সমিশন ঘাটতি দুরীভূত হয়ে এসব এলাকার বিদ্যুৎ ভোল্টেজ বৃদ্ধি পাবে। বাসা বাড়ীতেও প্রয়োজনীয় ভোল্টেজ পাওয়া যাবে।
পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ (পিজিসিবি) নিয়ামতপুর উপজেলা সদরে ৫ একর জমির উপর প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে এই গ্রীড নির্মান করেছে। নওগাঁ জেলা শহর থেকে ৪৫ দশমিক ৩৫ কিলোমিটার লাইন টানা এবং সাব ষ্টেশন নির্মান কাজ ২০০৮ সালের মাঝামাঝি সময়ে শুরু হয়। নির্ধারিত সময় ২০০৯ সালের ৩০এপ্রিলের মধ্যে নির্মান কাজ শেষ হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ এনামুল হক এম পি প্রধান অতিথি হিসাবে উপসি\'ত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে বিদ্যুৎ গ্রীড উপকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ রুহুল আমীন। স্থানীয় সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ভুইয়া শফিকুল ইসলাম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) মোঃ দেলোয়ার হোসেন, পিজিসিবির পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী মোঃ মোজাম্মেল হোসেন বক্তব্য রাখেন।
নওগাঁ-নিয়ামতপুর ১৩২ কে ভি সঞ্চালন লাইন নির্মান প্রকল্পের পরিচালক মোঃ আকছেদ আলী জানান, ২টি অত্যাধুনিক ট্রান্সফরমার সম্বলিত এই উপকেন্দ্রে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ সংরক্ষন করা যাবে। তিনি আরও জানান, নির্মাণে ৪৯ কোটি টাকা বৈদেশিক মুদ্রা এবং ২১ কোটি টাকা দেশীয় মুদ্রায় ব্যয় করা হয়েছে।
এই বিদ্যুৎ সাব ষ্টেশন থেকে নওগাঁ জেলার মান্দা, মহাদেবপুর, পোরশা, সাপাহার ও শিষাহাট, চাঁপাই নবাব গঞ্জ জেলার নাচোল ও এনায়েতপুর এবং রাজশাহী জেলার তানোর ও কালিগঞ্জ এলাকায় পল্লী বিদ্যুত সমিতির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এই গ্রীড নির্মাণের ফলে যথাযথ প্রয়োজনীয় ভোল্টেজ পাওয়ার কারণে এসব এলকার বাসা বাড়ী এবং সেচ কাজে উল্লেখযোগ্য সফলতা বয়ে আনবে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেছেন। অনুষ্ঠানে জানানো হয় উপজেলা পর্যায়ে বিদ্যুৎ সাব ষ্টেশন স্থাপন বাংলাদেশে এটাই প্রথম।
দি-এডিটর-এনজেড-১৪.০৮.১০ | |
|
|